মহেশপুরে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ের পর যুবক পুলিশে সোপর্দ

0
বিস্তারিত (8)

​

​ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে দুই শিশুকে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ও লোভ দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম শাকিল শেখ (২৬)। তিনি শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের মৃত জেকের আলীর ছেলে।

​সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী শাকিলকে বেধড়ক মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাকিল শেখ দীর্ঘদিন ধরে তার মুদিদোকানে প্রতিবেশীর ৯ বছর বয়সী কন্যা (ছদ্মনাম রিমা) ও ৮ বছর বয়সী কন্যা (ছদ্মনাম রুনা) সিঙ্গারা খাওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যেতেন। দোকানের ভেতর তাদের মোবাইলে বিভিন্ন ধরনের আপত্তিকর ও খারাপ ছবি দেখিয়ে শরীরে অবৈধ স্পর্শ ও যৌন নিপীড়ন চালাতেন। বিষয়টি কাউকেও না জানানোর জন্য শিশুদের নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিতেন শাকিল।

​সোমবার সন্ধ্যায় শিশুরা তাদের ওপর ঘটে যাওয়া এই নির্যাতনের কথা মায়ের কাছে প্রকাশ করে। পরে মা বিষয়টি বাজারে থাকা শিশুদের বাবাকে জানালে মুহূর্তে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবরে ক্ষুব্ধ এলাকাবাসী বাজারে জড়ো হয়ে অভিযুক্ত শাকিলকে আটক করে বেধড়ক গণধোলাই দেয়।

​সংবাদ পেয়ে মহেশপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত শাকিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং ভুক্তভোগী দুই শিশুসহ তাদের অভিভাবককে থানায় নিয়ে আসা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম এখন টিভিকে বলেন, খবর পেয়ে পুলিশ শ্যামকুড় গ্রাম থেকে অভিযুক্ত শাকিলকে হেফাজতে নিয়েছে। শিশুরা ঘটনার প্রাথমিক বিবরণ দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *