আলমডাঙ্গায় ‘আজিবর রহমান ফাউন্ডেশন’ এর উদ্বোধন বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদা গ্রামে সম্পূর্ণ পারিবারিক উদ্যোগে সামাজিক সংগঠন ‘আজিবর রহমান ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রতিনিধি হাফিজুর রহমানের পৈত্রিক বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মানবিক সংগঠনের যাত্রা শুরু হয়।
সংগঠনটির উদ্যোক্তারা জানান, এলাকার দুস্থ, অসহায়, বঞ্চিত, বিধবা ও বয়োবৃদ্ধ মানুষের স্থায়ী কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে মরহুম আজিবর রহমানের সন্তান ও পরিবারের সদস্যরা মিলে এই উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে, হাফিজুর রহমান তার প্রয়াত পিতা-মাতার পরকালীন আত্মার মাগফিরাত ও সদকা-ই-জারিয়ার উদ্দেশ্যে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় শতাধিক অসহায় ও সুবিধাভোগী মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি এবং উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পারিবারিক এই পরিচ্ছন্ন সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, জেলা সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ এবং আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও রাজনৈতিক কর্মীদের এভাবে নিজ নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আজিবর রহমান ফাউন্ডেশন চুয়াডাঙ্গার আর্তমানবতার সেবায় একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মরহুম আজিবর রহমানের ছেলে-মেয়ে, ভাই-বোন, স্ত্রী, সন্তান, চাচা-চাচিসহ পরিবারের সকল সদস্য, বন্ধুবান্ধব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে, মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
মো: মারুফ হোসেন