সড়কে মাছবোঝাই আলমসাধু উল্টে খাদে, চালক গুরুতর আহত
সড়কে মাছবোঝাই আলমসাধু উল্টে খাদে, চালক গুরুতর আহত
মেহেরপুরের আমঝুপি সড়কে মাছবোঝাই একটি ‘আলমসাধু’ (স্থানীয় যান) উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় চালক উজ্জ্বল (৩০) গুরুতর আহত হয়েছেন এবং গাড়িতে থাকা বিপুল পরিমাণ মাছ সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে। আহত উজ্জ্বল মেহেরপুর সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোহাম্মদপুর থেকে একটি আলমসাধু গাড়িতে ড্রামভর্তি মাছ নিয়ে আড়তের উদ্দেশ্যে রওনা হন উজ্জ্বল। পথে আমঝুপি সড়কের একটি পেট্রোল পাম্পের (টাওয়ার পাম্প) কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়িটির পেছনের টায়ার পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় চালক উজ্জ্বল গাড়ি থেকে ছিটকে পড়ে মারাত্মক আঘাত পান। একই সাথে ড্রামে থাকা সব মাছ সড়কে ও আশপাশে ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উজ্জ্বলকে উদ্ধার করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
মো: মারুফ হোসেন